গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

ভোগড়া বাইপাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে শ্রমিকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গাজীপুরের ভোগড়া বাইপাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন একদল পোশাকশ্রমিক। তাঁদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্রমিকেরা মিছিল নিয়ে এসে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়।
এদিকে গাজীপুরের কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে।
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানার উৎপাদন সচল রাখতে পুলিশ কাজ করছে।
সূত্র: আজকের পত্রিকা



