শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আসামি মৃত সাবেক কাউন্সিলর ও ইউপি সদস্য

গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা মামলায় ২০২৪ সালে মারা যাওয়া এক সাবেক কাউন্সিলর ও এক সাবেক ইউপি সদস্যকে আসামি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।
গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা একটি মামলায় দুই মৃত জনপ্রতিনিধিকে আসামি করা হয়েছে। তাঁদের একজন সাবেক পৌর কাউন্সিলর, অন্যজন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। তাঁদের নাম মামলায় থাকায় ক্ষোভ ও বিস্ময় জানিয়েছেন স্বজনেরা।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন ২৪ নভেম্বর মামলাটি করেন। এজাহারে ৯১ নম্বর আসামি করা হয়েছে শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আজগরকে। কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের বাসিন্দা আলী আজগর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মারা যান।
মামলার ১০৪ নম্বর আসামি গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলী। বাঁশবাড়ি গ্রামের ইদ্রিস আলী ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এজাহারে বলা হয়েছে, ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্ত্রাসবিরোধী কার্যক্রম চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এ অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে প্রধান আসামি করে মোট ১১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
ইদ্রিস আলীর ভাই ও একজন স্কুলশিক্ষক বলেন, ‘একজন মৃত ব্যক্তি কীভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারেন? আমার ভাই তো ২০২৪ সালেই মারা গেছেন। ভাইকে হারানোর কষ্ট এমনিতেই রয়েছে। এখন এ ঘটনায় নতুন করে কষ্ট পেলাম।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজাহারুল ইসলাম বলেন, ‘মামলায় অনেক আসামি রয়েছেন। কীভাবে মৃত ব্যক্তিদের নাম এসেছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল আলম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনোভাবে হয়তো ভুল হয়েছে। ভুল হতেই পারে। তদন্ত করলে তাঁদের নাম এমনিতেই মামলা থেকে বাদ যাবে।’
সূত্র: আজকের পত্রিকা



