গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মোতায়েন ৩২ প্লাটুন

গাজীপুরের শিল্পাঞ্চলে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, আনসার ও এসআরবির ৩২ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। সকালে শ্রমিকেরা কাজে ফিরলেও বেশ কিছু কারখানা বন্ধ ছিল।
শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোথাও বিক্ষোভ বা সড়ক-মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু কারখানা বন্ধ ছিল।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৯ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য দায়িত্ব পালন করছেন।
আরিফ হোসাঈন বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন, অন্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রীপুর শিল্পাঞ্চলে ভিনটেক্স ডেনিম, মেঘনা নীট, সাবলাইম, এক্সিকিউটিভ গ্রিনটেক্স, এক্সিকিউটিভ হাই ফ্যাশন, টি ডিজাইন, ডিজাইটেক্স, স্ট্যান্ডার্ড, সাসটেইনেবল, এমএনআর সোয়েটার, এমএনআর ফ্যাশন, ওয়েলডান, টিএস ক্যাজুয়াল, কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইরোর ফ্যাশন, প্যান্ডোরা সোয়েটার, এস্টোটেক্স, ডেনিম্যাক ডেনিম, কেএসএস, ইউনিসেন্স, তাকওয়া, লান্তাবুর, প্যাস্টেল অ্যাপারেলস, ইপোক গার্মেন্টস, নাসা হাইটেক ও স্টাইল লিমিটেডসহ কয়েকটি কারখানা বন্ধ রয়েছে। জেলার আরও কিছু কারখানাও বন্ধ আছে।
ন্যূনতম মজুরি ও বেতন বাড়ানোর দাবিতে গত এক মাসে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ওই সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে আগুন দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের সদস্যরা আহত হন; বেশ কয়েকজনকে আটকও করা হয়।
আন্দোলনের কারণে অনেক কারখানায় ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। বিক্ষোভের সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়।
সূত্র: আজকের পত্রিকা



