গজারিয়ায় খাদে পড়ল টিনবোঝাই ট্রাক, চালক-সহকারী আহত

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিনবোঝাই ট্রাক খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিস চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টিনবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বালুয়াকান্দি এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহত ট্রাকচালক মো. মিন্টু মন্ডল (৪৫) ও সহকারী মো. ফয়সালকে (২৫) উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে টিন নিয়ে যশোরে যাচ্ছিল ট্রাকটি। বালুয়াকান্দি এলাকায় পৌঁছে এটি অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং সেটি সড়কের পাশের খাদে পড়ে। চালক ও সহকারী ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে যায়। আধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে আহত দুজনকে বের করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁরা দুজনই ফরিদপুর জেলার কোতোয়ালি এলাকার বাসিন্দা।
সূত্র: আজকের পত্রিকা



