সাজেক সড়কের অবরোধ তুলে নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক সড়কে অবরোধ প্রত্যাহার ও যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় হেডম্যান, কার্বারি ও জনপ্রতিনিধিরা।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে চলমান অবরোধ প্রত্যাহার করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় হেডম্যান, কার্বারি ও জনপ্রতিনিধিরা। বুধবার দুপুরে সাজেকের দাঁড়িপাড়া এলাকায় এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারি, গ্রামপ্রধান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের ভাষ্য, অবরোধের কারণে স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে।
বক্তারা অভিযোগ করেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দলীয় স্বার্থে অবরোধ চালিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে। তাঁদের মতে, সাজেকের মানুষের জীবন-জীবিকা, শিক্ষা ও চিকিৎসার জন্য সড়কটি সচল রাখা জরুরি।
অবরোধ তুলে নিয়ে মানুষের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সংবাদ সম্মেলনের বক্তারা।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, সাজেকে পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক আছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
সূত্র: আজকের পত্রিকা



