কনস্টেবল আনোয়ার হত্যা মামলায় ডেভিডসহ গ্রেপ্তার ৬, পাঁচজন রিমান্ডে

নারায়ণগঞ্জের ফতুল্লায় কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের গুলিতে ডেভিড আহত হয়েছেন। তাঁর ছোড়া ককটেলে আহত হয়েছেন চার পুলিশ সদস্য। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
জেলা পুলিশের বুধবারের এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ব্যক্তিদের নাম জানানো হয়। তাঁরা হলেন আব্দুল্লাহ (৩২), ডেভিড (২৮), আব্দুস সামাদ (২৩), মাহমুদুল হাসান (২২), জাবেদ কায়সার আজাদ (৪০) ও আদর (২২)। পুলিশ বলছে, আব্দুল্লাহকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, তদন্তের তথ্য বিশ্লেষণ করে মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিমপট্টি এলাকা থেকে আব্দুস সামাদ ও মাহমুদুল হাসানকে আটক করা হয়। তাঁদের তথ্য অনুযায়ী, তাসলিমপট্টির একটি পরিত্যক্ত ভবনে ডেভিডকে ধরতে যায় পুলিশ।
পুলিশ জানায়, পালানোর চেষ্টা করে ডেভিড তাদের লক্ষ্য করে ককটেল ছোড়েন। আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড গুলি চালালে তাঁর ডান পায়ে গুলি লাগে। আহত চার পুলিশ সদস্যের পাশাপাশি ডেভিডকেও খানপুর হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
পৃথক অভিযানে নারায়ণগঞ্জের এসআরবি-১১ আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ফতুল্লার হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় হামলার শিকার হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। সাত্তার পালিয়ে প্রাণে বাঁচলেও ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার নিহত হন।
সূত্র: আজকের পত্রিকা




