নাজিরপুরে বিএনপি কার্যালয় ও দোকানে হামলা-লুটপাটের অভিযোগে মামলা

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি কার্যালয় ও কয়েকটি দোকানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে ১৫৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০০ থেকে ৭০০ জনকে।
পিরোজপুরের নাজিরপুরে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ একাধিক দোকানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এতে ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে; অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০০ থেকে ৭০০ জনকে।
মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. এনামুল হক লিটন নাজিরপুর থানায় মামলাটি করেন। গত ২২ নভেম্বর মামলাটি নথিভুক্ত হয়।
এজাহার অনুযায়ী, গত ১৫ নভেম্বর বেলা আড়াইটার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝনঝনিয়া টাওয়ার মোড় এলাকায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা হয়। এ সময় কার্যালয় এবং আশপাশের কয়েকটি দোকানে আগুন দেওয়া ও লুটপাটের অভিযোগ করা হয়েছে।
এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী এবং সমর্থকদের একাংশের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, পেট্রলবোমা, ককটেল, রামদা, বঁটিদা, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। গুলিবর্ষণ ও বোমাবাজি করে আতঙ্ক ছড়ানোর কথাও এতে উল্লেখ রয়েছে।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহীন, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সজলসহ ১৫৫ জনের নাম রয়েছে। আসামিদের মধ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা যুবলীগ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতারাও আছেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ২২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সূত্র: আজকের পত্রিকা




