লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, অনেকে অপহরণ-নির্যাতনের শিকার

লিবিয়ায় অনিয়মিতভাবে থাকা ১৭৩ বাংলাদেশিকে বৃহস্পতিবার ভোরে দেশে ফেরানো হয়েছে। তাঁদের অনেকে মানবপাচারকারীদের প্ররোচনায় সেখানে গিয়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ।
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁদের দেশে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রত্যাবাসন হয়। এতে সহযোগিতা করে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ফেরা ব্যক্তিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় গিয়েছিলেন। তাঁদের অনেকে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান। জনসচেতনতা বাড়াতে লিবিয়ায় তাঁদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
আইওএম দেশে ফেরা প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা দিয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।
লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: আজকের পত্রিকা



