ফটিকছড়িতে রায়হানের আস্তানায় অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার চার

চট্টগ্রামের ফটিকছড়িতে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হানের আস্তানায় অভিযান চালিয়ে পিস্তল ও শটগান উদ্ধারের দাবি করেছে পুলিশ। রায়হান পালিয়ে গেলেও তাঁর চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়িতে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হানের আস্তানায় অভিযান চালিয়ে পিস্তল, শটগানসহ কয়েকটি অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। অভিযানে তাঁর চার সহযোগী গ্রেপ্তার হলেও রায়হানকে ধরা যায়নি।
পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে উপজেলার ভুজপুর এলাকার পাহাড়ে রায়হানের তৈরি আস্তানায় এ অভিযান চালানো হয়। অভিযানের বিস্তারিত জানাতে বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের কথা রয়েছে।
ভুজপুর থানা সূত্রে জানা গেছে, রায়হানকে ধরতে গত চার দিন ধরে ফটিকছড়ির বিভিন্ন স্থানে জেলা ও থানা-পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে। এ সময় তিন দফায় পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে যান তিনি। সোমবার রাত ৯টার দিকে নাজিরহাট বাজারের কাছে সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজার এলাকায় পুলিশের অভিযানের মধ্যে গুলি ছুড়তে ছুড়তে পালানোর ঘটনা ঘটে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘অভিযানে অস্ত্রশস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রায়হান পালিয়ে গেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই রায়হানের সহযোগী। এ অভিযানের বিস্তারিত বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হবে।’
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। চাঁদা না পেলে তাঁর সহযোগীরা গুলি চালান বলে অভিযোগ আছে।
পুলিশের দাবি, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী রায়হান দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে যুক্ত। স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট সম্পর্কে তাঁর ভালো ধারণা থাকায় অবস্থান গোপন রেখে বারবার পুলিশের অভিযান এড়াতে পারছেন তিনি।
সূত্র: প্রথম আলো


