গোপালগঞ্জের সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহের পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ময়মনসিংহের পরিদর্শক মো. সেলিম মিয়াকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাঁর দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সেলিম মিয়াকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, সেলিম মিয়ার সরকারি ও ব্যক্তিগত—দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় সেলিম মিয়াকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনে গোপালগঞ্জের ঘটনায় সেলিম মিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সূত্র: আজকের পত্রিকা



