অভিবাসন প্রতারণার ৮৫ অভিযোগের ৫২টির নিষ্পত্তি হয়নি: ওকাপ

বিএমইটির সালিশি ব্যবস্থায় করা ৮৫টি অভিযোগের ৫২টি এখনো ঝুলে আছে। ওকাপের গবেষণায় অভিযোগ তদন্তে আনুষ্ঠানিক অনুসন্ধানের প্রমাণও মেলেনি।
বিদেশে গিয়ে প্রতারণার শিকার অভিবাসী কর্মীদের করা ৮৫টি অভিযোগের ৫২টির নিষ্পত্তি হয়নি। ২৮টি নিষ্পত্তি হয়েছে, আর পাঁচটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) বুধবার ঢাকার একটি হোটেলে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সালিশি ব্যবস্থায় করা অভিযোগগুলো পর্যালোচনা করে গবেষণাটি তৈরি করা হয়েছে। অভিযোগকারীদের ৫০ জন পুরুষ ও ৩৫ জন নারী; তাঁদের প্রায় ৮৬ শতাংশ বৈধ পথে সৌদি আরবে গিয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়, অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে পুরুষ কর্মীরা গড়ে তাঁদের মোট অভিবাসন ব্যয়ের ১৫ শতাংশ এবং নারীরা ১২ শতাংশ ফেরত পাচ্ছেন। বিদেশে যেতে পুরুষদের গড় ব্যয় ছিল ৪ লাখ ৫৮ হাজার টাকা, নারীদের ৩১ হাজার ৯০০ টাকা। নিষ্পত্তি হওয়া অভিযোগের অর্ধেক ক্ষেত্রে ক্ষতিপূরণ ছিল ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা। ক্ষতিপূরণ পাওয়া অধিকাংশ নারী পেয়েছেন ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা; একজন নারী সর্বোচ্চ ১ লাখ ৪৫ হাজার টাকা পেয়েছেন।
নিয়মে ৩০ কার্যদিবসের মধ্যে শুনানির কথা থাকলেও ৪৪ শতাংশ অভিযোগের কার্যক্রম শুরু হতে ১২ সপ্তাহ পর্যন্ত লেগেছে। ২৯ শতাংশ অভিযোগকারীকে শুনানির জন্য ডাকা হয়নি। পর্যালোচনা করা কোনো অভিযোগেই আলাদাভাবে নথিভুক্ত তদন্তের প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থা আইনগতভাবে বাধ্যতামূলক সমাধানের বদলে কর্মী ও নিয়োগকারী সংস্থার মধ্যে সমঝোতায় বেশি জোর দিচ্ছে। তাঁর ভাষ্য, দর-কষাকষিতে সংস্থাগুলোর অবস্থান শক্তিশালী হলেও আর্থিকভাবে অসচ্ছল ও দূরবর্তী এলাকার কর্মীরা দুর্বল অবস্থানে থাকেন। কোনো জরিমানা বা শাস্তি ছাড়াই নিয়োগকারী সংস্থাগুলো শুনানিতে অনুপস্থিত থাকে বলেও তিনি জানান।
গবেষণায় ৯১ শতাংশ অভিযোগকারী জানিয়েছেন, দেশ ছাড়ার আগে তাঁরা আইনগতভাবে বাধ্যতামূলক কর্মসংস্থান চুক্তি পাননি; গন্তব্যে পৌঁছেও ৭২ শতাংশ লিখিত চুক্তি পাননি। সামগ্রিকভাবে ৭৮ শতাংশ কাজের ক্ষেত্রে, ৬৮ শতাংশ বেতন নিয়ে প্রতারণা এবং ৪২ শতাংশ শোষণের শিকার হওয়ার কথা জানিয়েছেন।
গবেষণায় অংশ নেওয়া নারী গৃহকর্মীদের সবাই মজুরি শোষণের কথা জানিয়েছেন। তাঁদের ৯৭ শতাংশ মানসিক নির্যাতন, ৭৭ শতাংশ শারীরিক নির্যাতন এবং ৮৯ শতাংশ আটকে রাখা বা বিচ্ছিন্ন করে রাখার অভিজ্ঞতার কথা বলেছেন।
অভিবাসী কর্মীদের কার্যকর প্রতিকার নিশ্চিত করতে তদন্তব্যবস্থা শক্তিশালী করা, অভিযোগ নিষ্পত্তিতে নিরপেক্ষতা, কাঠামোগত ক্ষতিপূরণ নীতিমালা এবং সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ওকাপ।
সূত্র: আজকের পত্রিকা




