পল্টনে আ.লীগ নেতাকে আটক করে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা

পল্টন থেকে জাভেদ দিদারকে আটক করে পুলিশে দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। হস্তান্তরের আগে তাঁকে ডিম, পানি ও কফি খাওয়ানো হয়।
রাজধানীর পল্টন এলাকা থেকে জাভেদ দিদার নামের আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তাঁর অনুসারীরা। মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়।
নয়নের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আটকের পর জাভেদের পরিচয় জানতে চান তিনি। জাভেদ নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন।
ভিডিওতে দেখা যায়, পুলিশের কাছে নেওয়ার আগে জাভেদকে দুটি সেদ্ধ ডিম খেতে দেন নয়ন। পরে তাঁকে পানি দেওয়া হয়। নয়ন ও তাঁর সঙ্গে থাকা লোকজন তাঁকে হাঁটিয়ে একটি কফিশপে নিয়ে যান। সেখানে বসিয়ে কফি খাওয়ানোর পর তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভিডিওতে নয়ন অভিযোগ করেন, শেখ হাসিনার আগমন উপলক্ষে জাভেদ গুলিস্তানের আশপাশে নাশকতার পরিকল্পনা করছিলেন। এ সময় তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওতে জাভেদকে আওয়ামী লীগের সময়ে একটানা ৭৭ দিন রিমান্ডে থাকার কথা বলতে শোনা যায়। পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে নয়ন জাভেদের মুঠোফোন তাঁদের কাছে দেন। পরে তাঁকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম জানান, আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটক জাভেদ দিদারকে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে তাঁর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো




