দক্ষিণ কেরানীগঞ্জে মেয়েকে রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ, বাবার পা বিচ্ছিন্ন

রাজেন্দ্রপুরে মেয়ের বাড়িতে হামলার খবর পেয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন আলম মিয়া। মঙ্গলবার অস্ত্রোপচারে তাঁর একটি পা কেটে ফেলতে হয়েছে।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে মেয়ের বাড়িতে হামলার খবর পেয়ে তাঁকে রক্ষা করতে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন আলম মিয়া (৬৫)। মঙ্গলবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি পা কেটে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটে গত শনিবার গভীর রাতে।
আলম মিয়া রাজেন্দ্রপুরের নোয়াদ্দা এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি প্রায় ৩০ বছর কুয়েতে প্রবাসী ছিলেন। তাঁর মেয়ে পারভীন বেগমের অভিযোগ, বাড়িতে হামলার খবর পেয়ে বাবার যাওয়ার পথে তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির মোল্লা ওরফে পায়েল তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আলম মিয়ার পায়ে দুটি গুলি লাগে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার নির্দেশে তাঁর ছোট ভাই আবির মোল্লা ও তাঁদের খালাতো ভাই নিরব, শওকতসহ ২০ থেকে ৩০ জন হাজি নূরে আলমের বাড়িতে হামলা চালান। এ সময় আসবাব ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা পাঁচ কোটি টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার নিয়ে যান বলেও পরিবারের দাবি।
পরিবারের ভাষ্য, হাজি নূরে আলম ও তাঁর দুই ছেলেকে লক্ষ্য করেও গুলি করা হয়, তবে তাঁরা বেঁচে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় দুটি গাড়িতেও আগুন দেওয়া হয়।
আবির মোল্লা পায়েলের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবার এখনো মামলা করেনি; মামলা করতে এলে তা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা




