কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, প্রাণ গেল চারজনের

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শামসুন্নাহার বেগম বুধবার ভোরে মারা গেছেন। এ ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে।
রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শামসুন্নাহার বেগম (৫২) মারা গেছেন। বুধবার ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজন মারা গেলেন।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, শামসুন্নাহারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে তাঁর মেয়ে সানজিদা ইসলাম (২০), সাবলেট ভাড়াটিয়া ইফতি সাবা (২৫) এবং ইফতির এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ মারা যান।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণ ঘটে। দগ্ধ হন ওই ফ্ল্যাটে স্ত্রী-সন্তান নিয়ে সাবলেটে থাকা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তাঁর স্ত্রী ও ছেলে এবং পাশের কক্ষের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ও তাঁর মা শামসুন্নাহার।
মানিক জানান, সকালে তাঁর স্ত্রী ছেলেকে কোলে নিয়ে রান্না করছিলেন। চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। পরে সবাই দগ্ধ অবস্থায় বেরিয়ে আসেন।
তাঁদের বাসায় সিলিন্ডারের গ্যাসে রান্না হতো, তবে সিলিন্ডারটি ভবনের নিচে রাখা ছিল বলে জানান মানিক। তাঁর ধারণা, রাতে গ্যাসের চুলা চালু ছিল অথবা লিকেজের কারণে সারা রাত গ্যাস বের হয়েছে। বিস্ফোরণের ঘটনায় মানিকের শরীরের ৬ শতাংশ পুড়েছিল; চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন।
সূত্র: আজকের পত্রিকা




