কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

রোহিতপুর বিসিক শিল্প এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে কাদের অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্যসহ বিভিন্ন পণ্য তৈরির দায়ে কাদের অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে রোহিতপুর বিসিক শিল্প এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ অভিযানে নেতৃত্ব দেন। কর্তৃপক্ষের পরিদর্শনে দেখা যায়, শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম এবং বিটা-ক্যারোটিনের বদলে টেক্সটাইল ডাই বা বস্ত্রের রং ব্যবহার করা হচ্ছিল।
এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচু ও চাটনিসহ বিভিন্ন পণ্য তৈরি হচ্ছিল। পণ্যের লেবেলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ঠিকভাবে লেখা ছিল না।
প্রতিষ্ঠানটি উৎপাদনের ব্যাচ রেকর্ড, উপকরণের উৎস শনাক্তের নথি এবং রাসায়নিকের নিরাপদতা ও বিশ্লেষণ সনদও দেখাতে পারেনি। এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য রাসায়নিক জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। অভিযানের সমন্বয় করেন ঢাকার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম। নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া ও ব্যাটালিয়ন আনসারের একটি দলও অভিযানে উপস্থিত ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নাজমুল ইসলাম।
সূত্র: আজকের পত্রিকা




