নভেম্বরের ২১ দিনে ১৫৮ সহিংসতার তথ্য, ৩৯ মামলায় গ্রেপ্তার ৬৬

বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, ১ থেকে ২১ নভেম্বর দেশের ৪১টি স্থানে ১৫৮টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৯টি মামলা হয়েছে, গ্রেপ্তার ৬৬ জন।
১ থেকে ২১ নভেম্বর দেশের ৪১টি স্থানে ১৫৮টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এসব ঘটনায় ৩৯টি মামলা হয়েছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার সকালে ঢাকায় বিদেশি কূটনীতিকদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ তুলে ধরেন তিনি। সকাল ৯টায় শুরু হওয়া প্রায় আধা ঘণ্টার এই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান ও ভারতসহ ৫০টির বেশি মিশন এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ছিলেন।
হুমায়ুন কবিরের ভাষ্য, সহিংসতার ঘটনাগুলোর মধ্যে ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, পুলিশের স্থাপনায় হামলা এবং মহাসড়ক অবরোধ রয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্থিরতা তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দিচ্ছেন।
ব্রিফিংয়ে তিনি ১৭ নভেম্বর গোপালগঞ্জের একটি থানায় হামলার কথা জানান। তাঁর দাবি, হামলাকারীরা পুলিশের গাড়ি ও থানার ভবনে আগুন দেন, অস্ত্র ও গোলাবারুদ লুট করেন এবং হেফাজতে থাকা ব্যক্তিদের ছিনিয়ে নেন। ঘটনায় বিজিবির একজন সদস্য গুরুতর আহত হন। ১৯ নভেম্বর মুকসুদপুরে আরেকটি থানায় হামলা, পুলিশের গাড়িতে আগুন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত করার কথাও বলেন তিনি।
নির্বাচিত সংসদ সদস্যদের বাসভবন, বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা-ভাঙচুরের তথ্যও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার কাছে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের পাশাপাশি চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, সিলেটে পুলিশের গাড়িতে হামলা এবং নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।
হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন স্থগিত থাকলেও বিভিন্ন স্থানে তাদের নেতা-কর্মীরা কর্মসূচি পালন করছেন। বিদেশে সন্ত্রাসবাদ ও অর্থ পাচারে জড়িত বলে যাঁদের উল্লেখ করেন, তাঁদের দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতাও চান তিনি।
প্রতিমন্ত্রী জানান, সহিংসতার ঘটনায় তদন্ত চলছে এবং দায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ়, পেশাদার ও আনুপাতিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। আইনি প্রক্রিয়া, মানবাধিকার ও আইনের শাসন রক্ষায় সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন।
সূত্র: প্রথম আলো




