বরিশালে অনলাইন হয়রানির শিকার ৬৩.৫ শতাংশ, আইনি পদক্ষেপ নেন ৫.৮ শতাংশ

সহমতের জরিপে বরিশাল অঞ্চলে অনলাইন হয়রানির শিকার হওয়ার তথ্য জানিয়েছেন অংশগ্রহণকারীদের ৬৩.৫ শতাংশ। হয়রানির পর আইনের আশ্রয় নিয়েছেন মাত্র ৫.৮ শতাংশ।
বরিশাল অঞ্চলে জরিপে অংশ নেওয়া মানুষের ৬৩ দশমিক ৫ শতাংশ অনলাইন হয়রানির শিকার হয়েছেন। তবে এসব ঘটনার পর আইনি পদক্ষেপ নিয়েছেন মাত্র ৫ দশমিক ৮ শতাংশ। উন্নয়ন সংগঠন সহমতের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
বুধবার বিকেলে জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে সহমতের প্রধান নির্বাহী দিপু হাফিজুর রহমান জানান, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে জরিপটি চালানো হয়। এতে অংশ নেন ১১৫ জন।
জরিপে অনাকাঙ্ক্ষিত বার্তা, আক্রমণাত্মক ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং ব্যক্তিগত ছবি বা তথ্য ছড়িয়ে দেওয়ার হুমকির কথা উঠে এসেছে। হয়রানির শিকার ব্যক্তিদের ৫৯ দশমিক ১ শতাংশ নারী এবং ৪০ দশমিক ৯ শতাংশ পুরুষ।
অংশগ্রহণকারীদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ মেসেঞ্জার ইনবক্সে হয়রানির কথা জানিয়েছেন। ভুয়া আইডি থেকে হয়রানির শিকার হয়েছেন ৪২ দশমিক ৫ শতাংশ এবং আক্রমণাত্মক মন্তব্যের মাধ্যমে ৩৪ দশমিক ১ শতাংশ।
হয়রানির পর ৬৯ দশমিক ৮ শতাংশ সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্লক করেছেন এবং ৪২ দশমিক ২ শতাংশ অনলাইনে অভিযোগ জানিয়েছেন। ৬০ দশমিক ৬ শতাংশ বলেছেন, ঝামেলা এড়াতে তাঁরা আইনি পদক্ষেপ নেননি।
অনলাইন হয়রানি ঠেকাতে ডিজিটাল নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ, সহজে অভিযোগ জানানোর ব্যবস্থা ও আইনি সহায়তা এবং স্থানীয় পর্যায়ে সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলার সুপারিশ করেছে সহমত।
সূত্র: আজকের পত্রিকা




