ফেনসিডিল উদ্ধারের মামলায় ১৬ বছর পর আসামির যাবজ্জীবন

ফেনীতে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় প্রদীপ চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফেনীতে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় প্রদীপ চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক মাসফিকুল হক এ রায় দেন।
কারাদণ্ডের পাশাপাশি প্রদীপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাঁকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ৯ আগস্ট অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিলসহ প্রদীপকে গ্রেপ্তার করে তৎকালীন র্যাবের একটি দল। ওই বছরের অক্টোবরে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৬ বছর পর মামলাটির রায় হলো। প্রদীপ ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের নারায়ণ চৌধুরীর ছেলে। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান সেলিম জানান, রায়ের পর বিচারক প্রদীপের জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সূত্র: আজকের পত্রিকা





