প্রত্যর্পণ চুক্তি ছাড়া হাসিনাকে ফেরানোর বৈধ পথ নেই: শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। তাঁর ভাষ্য, এ বিষয়ে ভারতের কাছে তিনবার অনুরোধ পাঠিয়েছে বাংলাদেশ।
বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। এ বিষয়ে প্রচারিত নানা বক্তব্যের অধিকাংশই গুজব বলেও দাবি করেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়, যা ২০১৬ সালে সংশোধন করা হয়েছে। চুক্তি অনুযায়ী, কোনো ব্যক্তি এক দেশে অপরাধ করে অন্য দেশে গেলে বা অন্য দেশে অপরাধ করে এ দেশে এলে, সংশ্লিষ্ট সরকারের অনুরোধে তাকে অপরাধ সংঘটিত হওয়া দেশে হস্তান্তরের দায়িত্ব রয়েছে।
তার মতে, প্রত্যর্পণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কারাগারে বন্দি থাকা বাধ্যতামূলক নয়। অপরাধী বা অপরাধে অভিযুক্ত ব্যক্তিকেও চুক্তির আওতায় হস্তান্তর করা যায়। শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ পর্যন্ত তিনবার অনুরোধ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
প্রক্রিয়া ব্যাখ্যা করে শিশির মনির বলেন, ভারতীয় সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করবে। ম্যাজিস্ট্রেট বাংলাদেশের পাঠানো নথি যাচাই করে সেগুলো গ্রহণযোগ্য মনে করলে প্রত্যর্পণের আদেশ দিতে পারবেন। এরপর দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে হস্তান্তরের সময় ও স্থান ঠিক করবে।
দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে নির্ধারিত স্থানে হস্তান্তর সম্পন্ন হবে। আইনি পরিভাষায় ওই স্থানকে ‘পয়েন্ট অব কনভেনিয়েন্স’ বলা হয়। প্রত্যর্পণে পাসপোর্ট, ট্রাভেল পাস বা বিশেষ বিমানের প্রয়োজন নেই বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় জামায়াতের বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আহাম্মেদ আব্দুল্লাহসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: চ্যানেল আই অনলাইন




