নানক-নাছিমদের আগরতলায় থাকার খবর, আখাউড়া সীমান্তে বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের কয়েকজন নেতা আগরতলায় আছেন—এমন খবর ছড়ানোর পর আখাউড়া স্থলবন্দর এলাকায় বিক্ষোভ করেন বিএনপির নেতা-কর্মীরা। বিজিবি জানিয়েছে, সীমান্তে টহল জোরদার করা হয়েছে; অবৈধ অনুপ্রবেশের তথ্য তাদের কাছে নেই।
আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিমসহ কয়েকজন ভারতে আগরতলায় অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বুধবার বিকেল চারটার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের কাছে বিজিবির বিওপি ক্যাম্পের ফটকের সামনে তাঁরা স্লোগান দেন।
বিএনপি নেতা-কর্মীদের ভাষ্য, বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, নাছিম ও আলাউদ্দিন চৌধুরীকে আগরতলা বিমানবন্দরে দেখা গেছে বলে দাবি করা হয়। তাঁরা সীমান্ত এলাকায় আসতে পারেন—এমন খবর ছড়ালে বেলা সাড়ে তিনটা থেকে উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্থলবন্দর এলাকায় জড়ো হন।
আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, “আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকসহ একটি দল আগরতলায় অবস্থান করছে। তারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নাশকতা করতে চাচ্ছে। তাই আমরা সীমান্ত এলাকায় জড়ো হয়েছি। ফ্যাসিস্টদের কাউকে এই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।”
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এক বিজ্ঞপ্তিতে কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে। বুধবার বিকেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক সামসুজ্জামান চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে নানককে ঘিরে দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার অভিযোগ করা হয়।
বিকেলে আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকার বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি বলেন, নানকের নেতৃত্বে একটি দল সীমান্তের কোনো প্রবেশপথ দিয়ে দেশে ঢুকে নাশকতার চেষ্টা করতে পারে—এমন খবর পেয়ে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে নেতা-কর্মীদের সীমান্তে অবস্থান করতে বলা হয়েছে।
আখাউড়া এলাকায় পুলিশ, বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। বিভিন্ন স্থানে ছিল পুলিশের তল্লাশিচৌকি। ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে টহল ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে আখাউড়া সীমান্ত দিয়ে কারও প্রবেশের তথ্য বিজিবির কাছে নেই।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদও জানান, সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং অবৈধভাবে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
সূত্র: প্রথম আলো




