সাতক্ষীরার কাঁটাতারহীন সীমান্তে রাতের টহল বাড়িয়েছে বিজিবি

সাতক্ষীরা সীমান্তের নিরাপত্তায় অতিরিক্ত জনবল ও প্রযুক্তি ব্যবহার করে দিন-রাত নজরদারি চালাচ্ছে বিজিবি। গত এক সপ্তাহে পাঁচ দালালকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরার কাঁটাতারহীন সীমান্ত এলাকায় রাতের টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নদীপথে নৌযান নিয়ে এবং সীমান্তবর্তী গ্রামীণ পথ ও মাঠে নজরদারি চালাচ্ছেন বাহিনীর সদস্যরা।
বিজিবির পাঠানো কয়েকটি ভিডিওতে গত বুধবার রাতের টহলের দৃশ্য দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিনে বাহিনীর তৎপরতা বেড়েছে; কাঁটাতারের বেড়া নেই, এমন এলাকায় টহল বেশি দেখা যাচ্ছে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তথ্য অনুযায়ী, ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পাঁচ দফা অভিযানে ১১ লাখ ৪০ হাজার ১২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দ করা জিনিসের মধ্যে প্রসাধনী, ব্লুটুথ স্পিকার, মদ, মুঠোফোনের সরঞ্জাম, কম্বল, ওষুধ, শাড়ি, কিশমিশ, টুথপেস্ট ও বডি স্প্রে রয়েছে।
এর আগে ১৫ নভেম্বর রাতে সাতক্ষীরা সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের চলাচল দেখে সতর্কতামূলক গুলি ছোড়ে বিজিবি। পরে তল্লাশি চালিয়ে মানব পাচারে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকার নিরাপত্তায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী ও স্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চলছে; পাশাপাশি দিন-রাত মোবাইল টহল দেওয়া হচ্ছে।
গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে জানিয়ে তিনি বলেন, স্পর্শকাতর ও অন্ধকার এলাকায় নজরদারিতে সার্চলাইট, থার্মাল ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের নিয়ে যৌথ টহলের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নজরদারি চলছে।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, জেলার অভ্যন্তরীণ নিরাপত্তায় পুলিশ সক্রিয় রয়েছে। চোরাচালান ও অবৈধ পারাপারে সহায়তাকারীদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। গত এক সপ্তাহে পাঁচ দালালকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: প্রথম আলো





