সেন্টমার্টিনের কাছে ৫ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক

সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ট্রলিং বোট ও ১০১ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা হয়েছে ২৮টি জাল ও ১৩ হাজার ২০০ কেজি মাছ।
সেন্টমার্টিন দ্বীপের প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান ও আটকের তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, সোমবার ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় সেন্টমার্টিনসংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালায় কোস্ট গার্ডের জাহাজ অপূর্ব বাংলা। সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধভাবে মাছ আহরণ ঠেকাতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সন্দেহজনকভাবে মাছ ধরার সময় পাঁচটি ট্রলিং বোট শনাক্ত করে কোস্ট গার্ড। পরে বোটগুলো জব্দ করে তল্লাশি চালালে জাল ও মাছ পাওয়া যায়।
কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে সামুদ্রিক মাছ আহরণের অভিযোগে বোটগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আটক জেলে, বোট, জাল ও মাছ নিয়ে পরবর্তী আইনি কার্যক্রমও প্রক্রিয়াধীন বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।
সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ ও অবৈধ মাছ আহরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সূত্র: আজকের পত্রিকা





