আহমাদুল বাশারের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস আ ন ম আহমাদুল বাশারের ১১ ব্যাংক হিসাবে থাকা ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) আ ন ম আহমাদুল বাশারের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা রয়েছে।
মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দেশটি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
এর আগে দুদকের উপসহকারী পরিচালক মো. আবু তালহা আহমাদ আদালতে বাশারের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন। আবেদনে বলা হয়, তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ রয়েছে এবং ব্যাংক হিসাবগুলোতে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযোগ যাচাইয়ে তাঁকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশও দিয়েছে দুদক।
দুদকের আশঙ্কা, বাশার যেকোনো সময় ব্যাংকে থাকা অর্থ অন্যত্র সরিয়ে নিতে পারেন। অর্থ স্থানান্তর করা হলে তাঁর বিরুদ্ধে চলমান অনুসন্ধান বা তদন্ত ব্যাহত হতে পারে বলে উল্লেখ করে হিসাবগুলো অবরুদ্ধ রাখার আবেদন জানায় সংস্থাটি।
সূত্র: আজকের পত্রিকা





