চাঁদা না পেয়ে খুলনায় দুই প্রতিষ্ঠানে গুলি

খুলনার হঠাৎ বাজারে চাঁদা না পেয়ে একটি তুষকাঠের মিল ও চানাচুর কারখানা লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি।
খুলনা নগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় শুক্রবার ভোরে একটি তুষকাঠের মিল ও একটি চানাচুর কারখানা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে মিলটির মালিকপক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তখন শ্রমিক-কর্মচারীরা ঘুমিয়ে থাকায় কেউ আহত হননি।
একই এলাকার শামসুর রহমানের চানাচুর কারখানার মালিকের কাছেও দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল ওই বাহিনী। চাঁদা না পেয়ে শুক্রবার ভোরে বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এরপর তারা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কেউ মুখ খুলছেন না। ঘটনার তদন্ত চলছে এবং দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
সূত্র: আজকের পত্রিকা



