রাজশাহীতে গ্যারেজে আগুনে পুড়ল বাস

নগরের শাহমখদুম থানার দরগা খানকা শরিফ মোড়ে গ্যারেজে রাখা একটি বাসে আগুন লাগে। পুলিশ জানিয়েছে, ঘটনায় মামলা হবে; জড়িতদের শনাক্ত করা যায়নি।
রাজশাহী নগরের একটি গ্যারেজে আগুনে পুড়ে গেছে বাস। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শাহমখদুম থানার দরগা খানকা শরিফ মোড়ের রাজ্জাকের গ্যারেজে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। তবে এর আগেই বাসটি পুড়ে যায়।
অগ্নিসংযোগের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুল ইসলাম আতিফ। ফেসবুক পোস্টে তিনি আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাসটি পুড়িয়েছে বলে দাবি করেন।
তবে ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী বলেন, বাসটিতে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকায় প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি; ঘটনাস্থল থেকে কোনো আলামতও উদ্ধার হয়নি।
ওসি জানান, এ ঘটনায় মামলা হবে। বাসের মালিকের সঙ্গে যোগাযোগ করে তাঁকে থানায় আসতে বলা হয়েছে। তিনি এলে মামলা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা



