যশোরে মাটি খোঁড়ার সময় বোমা বিস্ফোরণ, আহত দুই শ্রমিক

যশোরের বেজপাড়ায় মাটি খোঁড়ার সময় বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার নমুনা সংগ্রহ করে তদন্ত করছে।
যশোর শহরের বেজপাড়া বিহারি কলোনিতে মাটি খোঁড়ার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পেছনে স্তূপ করে রাখা মাটি খুঁড়ছিলেন ওই দুই শ্রমিক। কোদালের কোপ পড়তেই বিস্ফোরণ ঘটে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে; অন্যজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার কিছু নমুনা সংগ্রহ করেছে। তাঁর ধারণা, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে পুঁতে রেখেছিল। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
সূত্র: আজকের পত্রিকা



