রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মারামারির ঘটনায় চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত

উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায় চারজনকে সাময়িক বরখাস্ত করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। গত ৪ নভেম্বর এ ঘটনায় এক কর্মকর্তা আহত হন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সংস্থাপন শাখার জিয়াউল হক ও তারিকুল ইসলাম, রিসার্চ ইনস্টিটিউটের রোকনুজ্জামান এবং কেন্দ্রীয় লাইব্রেরির উপগ্রন্থাগারিক মামদুদুর রহমান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর রাতে উপাচার্য অধ্যাপক শওকাত আলীর কক্ষে দুই শিক্ষকের মধ্যে অভ্যন্তরীণ চিঠি আদান-প্রদান নিয়ে আলোচনার সময় কর্মকর্তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এতে বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম আহত হন। তাঁর বাঁ চোখের নিচে আঘাত লাগলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
রফিকুল ইসলাম এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেন। তদন্ত শেষে সিন্ডিকেট চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
বরখাস্ত হওয়া চার কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সঙ্গে যুক্ত। রোকনুজ্জামান ফোরামের সভাপতি, জিয়াউল হক সহসভাপতি, মামদুদুর রহমান সাধারণ সম্পাদক এবং তারিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক।
ফোরামের সভাপতি রোকনুজ্জামান বলেন, ঘটনার সময় উপাচার্যের কক্ষে দুই শিক্ষকের সঙ্গে তাঁদের কথা হচ্ছিল। রফিকুল ইসলাম কথার মধ্যে কথা বলায় বিতর্ক শুরু হয় এবং পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তাঁর মতে, ঘটনায় দুই পক্ষ জড়িত থাকলেও শুধু তাঁদের চারজনকে শাস্তি দেওয়া পক্ষপাতমূলক ও নীতিমালাপরিপন্থী।
উপাচার্য শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে সিন্ডিকেটের সিদ্ধান্তে চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সূত্র: প্রথম আলো



