ময়মনসিংহে আওয়ামী লীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

ভাটিকাশরের একটি ক্লিনিকে ২৭ সদস্যের পুলিশ দল অভিযান চালিয়ে ডা. মমিনুর রহমান জিন্নাহকে আটক করলেও থানায় না নিয়ে ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে। অর্থ লেনদেনের অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকায় একটি ক্লিনিকে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ডা. মমিনুর রহমান জিন্নাহকে আটক করার পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের বিরুদ্ধে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে নিরাময় ক্লিনিকে এ অভিযান চালানো হয়।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ক্লিনিকের ওপরের তলায় আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক হওয়ার তথ্য পেয়ে ওসির নেতৃত্বে ২৭ সদস্যের পুলিশ দল সেখানে যায়। ওই তলায় নেতারা আছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ একাধিক তালা ও দরজা ভেঙে ভেতরে ঢোকে। একপর্যায়ে ক্লিনিকটির মালিক ডা. জিন্নাহকে আটক করা হলেও তাঁকে থানায় নেওয়া হয়নি বলে অভিযোগ।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে অর্থ লেনদেনের মাধ্যমে তাঁকে ছেড়ে দেওয়ার আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সমালোচনা হচ্ছে। ডা. জিন্নাহ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সভাপতি।
বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় এ বিষয়ে জানতে চাইলে ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘অভিযান চালানোর পর দেখা গেছে তিনি অসুস্থ, তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’ নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আটকের পর কাউকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া মানতে হয়। অসুস্থ হলে চিকিৎসার বিষয়টি বিবেচনা করা যায়; এতে চিকিৎসক ও আইনগত প্রক্রিয়ার বিষয় রয়েছে।
এ ঘটনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহম্মদ ইসহাক বলেন, ‘স্বাচিপের জেলা সভাপতি ডা. জিন্নাহ তাঁর বেসরকারি হাসপাতালে বসে আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজ করছেন। অভিযান পরিচালনা করেও তাঁকে ছেড়ে দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কোতোয়ালির ওসি শিবিরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে এখানে চাকরি করার সুবাদে বড় বড় নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। বিষয়টি ছোট করে দেখার সুযোগ নেই। বিএনপিপন্থী বিভিন্ন সংগঠনে আমরা বিষয়টি উত্থাপন করব।’
ময়মনসিংহ সদর আসনের বিএনপির সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘ওসির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা দলীয়ভাবে ডিআইজির কাছে তাঁকে প্রত্যাহার করতে বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন। ওসি এত ক্ষমতা কোথায় পান, তাঁর খুঁটির জোর কোথায়—এ বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন।’
অর্থ লেনদেনের অভিযোগের বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘কোনো আসামিকে ছেড়ে দেওয়ার বিষয়ে আইনে ওসির কিছু ক্ষমতা দেওয়া আছে। তবে অভিযানের পর অর্থ লেনদেনের মাধ্যমে যদি ওই আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়া হয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র: আজকের পত্রিকা



