গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে মারধর, মুক্তিপণ দাবির অভিযোগ

ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির খানকে তুলে মারধর ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাস থামিয়ে ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির খানকে তুলে নিয়ে মারধর, মুক্তিপণ দাবি এবং জোর করে রাজনৈতিক বক্তব্যের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি এ ঘটনা ঘটে বলে জানান সাব্বির।
সাব্বির (২৮) ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, প্রায় ২০ জনের একটি দল বাস থেকে তাঁকে নামিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। তাঁদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল এবং অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি ও হকিস্টিক দিয়ে মারধর করা হয়। এ সময় পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলেও জানান তিনি।
সাব্বিরের ভাষ্য, হামলাকারীরা তাঁর পিঠে অস্ত্র ঠেকিয়ে বিএনপি ও ছাত্রদল নিয়ে অশালীন বক্তব্য দিতে বাধ্য করেন। সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তাঁর ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়। হামলাকারীরা তাঁর মোবাইল ফোন ও পকেটে থাকা প্রায় ১৩ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
সাব্বির জানান, হামলাকারীদের চোখ এড়িয়ে একটি মাঠ পেরিয়ে মূল সড়কে ফিরে এসে অন্য বাসে পিরোজপুরে যান। রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর শহরের সি-অফিস চত্বর থেকে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এই নেতার ওপর হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছে ছাত্রদল। পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত কমিটি গঠন ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, সংগঠন সাব্বিরের পাশে রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বাসের চালক-সহকারীসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ভিডিও কলে সাব্বিরের শারীরিক অবস্থার খোঁজ নেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি পুলিশ জেনেছে। হাসপাতালে পুলিশ পাঠিয়ে তাঁর সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা



