স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিন ১৮ বছর পর চট্টগ্রামে গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া একরামুল হক রবিনকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি একরামুল হক রবিনকে ১৮ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বায়েজিদ বোস্তামী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দল।
গ্রেপ্তার রবিন (৪৬) সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রফিকুল ইসলাম মিলুর ছেলে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১০ ও ৭ নম্বর ইউনিট এবং সাটুরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে। পরে তাঁকে সাটুরিয়া থানায় নেওয়া হয়।
সাটুরিয়া থানা পুলিশ জানায়, ২০০৮ সালের ১৮ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক)/৩০ ধারায় রবিন ও তাঁর বাবা রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে ২০০৯ সালে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন রবিনকে মৃত্যুদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁর বাবা খালাস পান।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৭ সালে রবিন চাঁদপুরের মতলব উপজেলার আশ্বিনপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মিতুকে বিয়ে করেন। পরে যৌতুকের দাবিতে তাঁর পরিবারের ওপর চাপ দেন। মিতুর পরিবার এক লাখ ১০ হাজার টাকা দেওয়ার পরও আরও সাড়ে চার লাখ টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ অনুযায়ী, দাবির টাকা না পেয়ে ২০০৮ সালের ১৭ জুলাই রাতে মিতুকে নির্যাতনের পর হত্যা করা হয়। পরদিন তাঁর মামা ইকবাল হোসেন বাদী হয়ে রবিন ও তাঁর বাবার বিরুদ্ধে মামলা করেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় রবিনের অবস্থান শনাক্তের পর যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তাঁকে মানিকগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা




