কুষ্টিয়ায় সিসিটিভি বসিয়ে মাদক কারবারের অভিযোগ, অভিযানে ইয়াবা-টাকাসহ স্ত্রী গ্রেপ্তার

কুমারখালীর যদুবয়রা গ্রামে অভিযানে ৩০০টি ইয়াবা ও ১ লাখ ৮৫ হাজার টাকা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে সোহেল রানা পালিয়ে যান বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামের জয়বাংলা বাজার এলাকায় সোহেল রানার বাড়িতে অভিযান চালিয়ে ৩০০টি ইয়াবা ও মাদক বিক্রির প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর স্ত্রী স্মৃতি খাতুনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকালে অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের (খ সার্কেল) একটি দল এ অভিযান চালায়। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, সড়কের বিদ্যুতের খুঁটিতে লাগানো দুটি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অভিযানের খবর পেয়ে সোহেল পালিয়ে যান। ক্যামেরার মনিটর ছিল প্রায় ৩০ মিটার দূরের একটি আধাপাকা বাড়িতে। স্থানীয় লোকজনের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলাচল নজরে রাখতেই ক্যামেরাগুলো বসানো হয়েছিল।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সোহেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহেল নিজেকে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিতেন। তাঁর ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে ওই পত্রিকার স্টিকার ছিল এবং বাড়ির একটি কক্ষে পত্রিকাটির আঞ্চলিক কার্যালয়ও খোলা হয়েছিল। ওই পরিচয়ের আড়ালে তিনি মাদক ব্যবসা করতেন বলে অভিযোগ।
পুলিশের তথ্য অনুযায়ী, মাদক ব্যবসার অভিযোগে সোহেল আগে কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাগারে যান। ২০১৯ সালে শর্তসাপেক্ষে সাধারণ ক্ষমার আওতায় কুষ্টিয়ার ২২২ জন মাদক ব্যবসায়ীর সঙ্গে তাঁকেও ক্ষমা করা হয়। কুমারখালী থানায় তাঁর বিরুদ্ধে আগের অন্তত আটটি মাদক মামলা রয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, আগের মামলাগুলোর পাশাপাশি এবার সোহেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে স্মৃতি খাতুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোহেল পলাতক রয়েছেন।
সূত্র: প্রথম আলো





