ফাহিম ফারুকীর বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মানহানি মামলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের দায়িত্ব সিআইডিকে দিয়েছেন আদালত।
মঞ্চ ২৪-এর আহ্বায়ক ইকরামুল ইসলাম ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও গণমাধ্যম বিভাগের প্রধান মো. ফজলুল করিম। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলাটি করা হয়।
আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মো. শওকত আলী হাওলাদার এ তথ্য জানান।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২০ নভেম্বর বা এর কাছাকাছি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও জ্যেষ্ঠ নায়েবে আমির সম্পর্কে বক্তব্য দেন। সেখানে তিনি দলটি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর অর্থায়নে চলে এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সক্রিয় রাখতে সহায়তা করে বলে দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, ফাহিম ফারুকী চরমোনাইয়ের ফজলু ও রেজুর বিরুদ্ধে বিদেশি অর্থ নেওয়া, ‘র’-এর সঙ্গে বৈঠক এবং রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। বাদীপক্ষের দাবি, এসব বক্তব্যের পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ বা নথি উপস্থাপন করা হয়নি।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ফজলুল করিমের পক্ষ থেকে ২২ নভেম্বর ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে বক্তব্য বন্ধ, অভিযোগ প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং দাবির পক্ষে প্রমাণ প্রকাশের কথা বলা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে তিনি এসব দাবি পূরণ করেননি।
সূত্র: আজকের পত্রিকা




