সন্ত্রাসবিরোধী মামলায় সাত দিনের রিমান্ড শেষে কারাগারে দোলন

ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাত দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ধানমন্ডি থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাত দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ আদেশ দেন।
রিমান্ড শেষে দোলনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক সেলিম রেজা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
২০ নভেম্বর আদালতের নির্দেশে দোলনকে সাত দিনের রিমান্ডে নেয় ডিবি। একই মামলায় সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা তমাল মাহবুবকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে গত সোমবার তাঁদের কারাগারে পাঠানো হয়।
এর আগে ১৯ নভেম্বর রাতে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলন, ধানমন্ডি থেকে মিজানুর রহমান এবং আজিমপুরের ইরাকি মাঠ থেকে তমালকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, ২২ মে ধানমন্ডি ৩২ নম্বর সেতুর পাশে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ থেকে ২৭৪ জন নেতা-কর্মী সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করে পুলিশ।
সূত্র: আজকের পত্রিকা




