সাত খুন মামলায় আসামিদের আপিল শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও লিভ টু আপিলের শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
নারায়ণগঞ্জের সাত খুন মামলায় হাইকোর্টের দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের আপিল ও আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক জানান, র্যাবের সাবেক সদস্য আসামিদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং অন্যান্য সাক্ষ্য-প্রমাণ আদালতে তুলে ধরা হয়েছে। পরবর্তী শুনানিতে নূর হোসেন ও তাঁর সহযোগীদের সংশ্লিষ্টতা এবং স্বীকারোক্তি ও সাক্ষীদের বর্ণনার সঙ্গে ঘটনার মিল তুলে ধরা হবে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা ঘটে। এ মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালত র্যাবের সাবেক ১৬ কর্মকর্তা ও সদস্য, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন এবং তাঁর নয় সহযোগীসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। র্যাবের আরও নয় সাবেক কর্মীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। অন্য ১১ জনের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া নয় আসামির সাজাও বহাল থাকে।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ২০১৯ সালে র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, এম মাসুদ রানা এবং নূর হোসেনসহ দণ্ডিত আসামিরা পৃথক আপিল ও লিভ টু আপিল করেন। বুধবার এসব আবেদনের শুনানি শুরু হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষে অনীক আর হকের সঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবদুল্লাহ আল মামুন শুনানিতে অংশ নেন। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, আইনজীবী মো. মজিবুর রহমানসহ অন্যরা।
সূত্র: প্রথম আলো




