কুষ্টিয়া কারাগারে দুই দফা ককটেল, ময়মনসিংহে ব্যাংকের সামনে আগুন

কুষ্টিয়া জেলা কারাগারে দুই দফা ককটেল বিস্ফোরণ এবং ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের শাখার সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শেরপুর ও নেত্রকোনাতেও আগুনের ঘটনা ঘটেছে; সবগুলোর তদন্ত করছে পুলিশ।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কুষ্টিয়া, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি। জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ককটেল ছুড়ে পালিয়ে যান। বিস্ফোরণের পর কারা কর্তৃপক্ষ কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। বিকেলেও কারাগারের পূর্ব-দক্ষিণ পাশের দেয়ালের ওপর দিয়ে ছোড়া ককটেল গাছে লেগে কারারক্ষীদের আবাসিক ভবনের চালে পড়ে বিস্ফোরিত হয়।
কারারক্ষী তরিকুল ইসলাম জানান, আবাসিক এলাকায় বিশ্রামের সময় তাঁরা বিকট শব্দ শুনতে পান। জেল সুপার শরিফুল আলম বলেন, ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে।
ময়মনসিংহ সদর উপজেলার রাজগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখার সাইনবোর্ড ও ভবনের সামনে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আগুন দেওয়া হয়। ব্যাংকের নৈশপ্রহরী দ্রুত আগুন নেভানোয় ক্ষয়ক্ষতি হয়নি। শাখা ব্যবস্থাপক কাজী মনিকা দিলশান বলেন, কে আগুন দিয়েছে, সে বিষয়ে তাঁদের ধারণা নেই। ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সাইনবোর্ডের নিচে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছিল।
শেরপুরের ঝিনাইগাতীর তিনানী বাজারে মালিঝিকান্দা ও হাতিবান্দা ইউনিয়নের যৌথ ভূমি কার্যালয়ে বৃহস্পতিবার ভোরে আগুন দেওয়া হয়। জানালার কাচ ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। কার্যালয়ের আসবাব ও অধিকাংশ নথিপত্র পুড়ে গেছে; কয়েকটি বিআরএস বই অক্ষত রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুভাগম সরকার জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওসি এস এম নূর মোহাম্মদ বলেন, মামলা প্রক্রিয়াধীন।
নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুরে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় আগুন দেওয়া হয়। বাড়ির বারান্দার একটি কক্ষের কিছু জিনিস পুড়েছে, তবে কেউ আহত হননি। ফাহিমের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন। নেত্রকোনা মডেল থানার ওসি মো. আবুল খায়ের জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো




