টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগ: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। ২২ নভেম্বর করা মামলায় ৮ হাজার ২৬ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মামলার বিষয়টি জানা যায়।
মামলার প্রধান আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলা সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও আট হাজার জনকে।
টুঙ্গিপাড়া থানার এক উপপরিদর্শক বাদী হয়ে মামলাটি করেন। এজাহার অনুযায়ী, ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একটি দল বেআইনিভাবে থানায় প্রবেশ করে। এতে পুলিশ সদস্যদের মারধর করে গুরুতর জখম করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, হামলাকারীরা থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে। লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে আটটি চায়না রাইফেল, ১১টি শটগান, আটটি ৯ এমএম পিস্তল, তিনটি এসএমজি, একটি এলএমজি, দুটি গ্যাসগান ও একটি ৭.৬২ পিস্তল। সঙ্গে বিভিন্ন ধরনের গুলি, কার্তুজ, ম্যাগাজিন ও গ্যাস সেলও নেওয়া হয়।
এজাহারে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য তিন কোটি টাকা এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির মোট ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, থানার কার্যক্রম সীমিতভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন থেকে চলছে। এ মামলায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
সূত্র: প্রথম আলো


