চট্টগ্রামের মাজারে অবিস্ফোরিত ককটেলসহ আটক দুজন

চট্টগ্রাম নগরের শাহ আমানত মাজারের উঠান থেকে বৃহস্পতিবার রাতে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম নগরের জেল রোডে শাহ আমানত (রহ.) মাজারের সামনের উঠান থেকে অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁদের আটক করা হয়। মাজারের পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুজনকে মাজারের উঠানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সেখানকার লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, আটক দুজনের কাছ থেকে লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে তাঁরা ককটেলটি নিয়ে মাজারে এসেছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। উদ্ধার করা ককটেল বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা নিজেদের হেফাজতে নিয়েছেন। মাজার এলাকায় পুলিশ অবস্থান করছে।
সূত্র: প্রথম আলো


