বাঞ্ছারামপুরে নিখোঁজ শিশুর মরদেহ মিলল প্রতিবেশীর সেপটিক ট্যাংকে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছয় দিন নিখোঁজ থাকার পর ১০ বছর বয়সী সাইদুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার হাত পেছনে বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো ছিল।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ছয় দিন পর মো. সাইদুল ইসলাম (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে হোগলাকান্দি গ্রামের এক প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শিশুটির দুই হাত পেছনে বাঁধা এবং মুখে স্কচটেপ লাগানো ছিল। তার বড় ভাই জাহাঙ্গীর আলম পরনের কাপড় দেখে মরদেহটি সাইদুলের বলে শনাক্ত করেন।
পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর শুক্রবার বিকেলে দোকান থেকে শিঙাড়া আনতে বাড়ি থেকে বের হয় সাইদুল। এরপর সে আর ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সন্ধান চেয়ে প্রচার চালান।
বাড়ির মালিক ফরিদা বেগম বৃহস্পতিবার শৌচাগার থেকে বের হওয়ার সময় দুর্গন্ধ পান। পরে সেপটিক ট্যাংকটি ভাঙা দেখতে পেয়ে প্রতিবেশীদের জানান। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা-পুলিশ সেখানে গিয়ে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
ফরিদা বেগম জানান, সাইদুল নিখোঁজ হওয়ার দিন তিনি বাড়িতে ছিলেন না; উপজেলার দশদোনায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফিরে শিশুটির নিখোঁজ হওয়ার কথা শোনেন। বৃহস্পতিবারের আগে সেপটিক ট্যাংক থেকে কোনো দুর্গন্ধ পাননি বলেও জানান তিনি।
সাইদুলের মা জোহরা বেগম ছেলের হত্যার বিচার চেয়েছেন। এক বছর আগে তাঁর স্বামী মারা গেছেন বলে জানান তিনি।
বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলার হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে নিয়মিত মামলা হবে। পুলিশ তদন্ত শুরু করেছে।
সূত্র: প্রথম আলো


