চকবাজারে পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, পুরোপুরি নেভেনি

পুরান ঢাকার ছোট কাটরায় ছয়তলা ভবনের গুদামে লাগা আগুন পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দাহ্য পণ্য ও ভবনের সীমাবদ্ধতায় নেভানোর কাজ চলছে।
পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরায় ছয়তলা একটি পুরোনো ভবনের চতুর্থ তলার গুদামে লাগা আগুন প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভানো যায়নি। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বৃহস্পতিবার রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেন। গুদামে প্লাস্টিক, রাবার ও বৈদ্যুতিক পণ্য গাদাগাদি করে রাখা থাকায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১-এর জোন কমান্ডার মোহাম্মদ এনামুল হক সাংবাদিকদের বলেন, গুদামে মালামাল রাখার নিয়ম মানা হয়নি। ভবনটিতে একটি সরু সিঁড়ি এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় ধোঁয়া ও তাপ বের হতে পারছে না।
আগুন ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা করা হয়েছে জানিয়ে এনামুল হক বলেন, স্পার্ক ও ধোঁয়ার মধ্যে কাজ করায় সমস্যা হচ্ছে। মালামাল ও কার্টন পর্যায়ক্রমে সরিয়ে ভেতরে ঢুকে আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তদন্তের পর জানানো হবে বলে জানিয়েছেন এনামুল হক।
ছোট কাটরা এলাকায় পাইকারি পণ্য সংরক্ষণ ও বিক্রির জন্য অনেক গুদাম রয়েছে। গত ১২ অক্টোবরও একই এলাকায় সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগেছিল; সেদিন গুদামে থাকা প্লাস্টিক ও জুয়েলারি পণ্য পুড়ে যায়।
সূত্র: আজকের পত্রিকা


