মাদারীপুরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুর শহরের শকুনি এলাকার একটি বাসা থেকে সাইফুল ভূঁইয়া (২২)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আগের দিন স্ত্রী তাঁকে তালাক দিয়ে চলে যান বলে জানিয়েছে পরিবার।
মাদারীপুর শহরের ২ নম্বর শকুনি এলাকার একটি ভাড়া বাসা থেকে সাইফুল ভূঁইয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সূত্রে জানা গেছে, সাইফুল মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকার জলিল ভূঁইয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। শহরে কাজ করতে এসে নতুন বাসস্ট্যান্ডের ৯ নম্বর ব্রিজসংলগ্ন এলাকার বৃষ্টি আক্তারের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। প্রায় পাঁচ মাস আগে তাঁরা বিয়ে করেন।
বৃষ্টি তাঁর আগের স্বামীর দুই সন্তানকে নিয়ে সাইফুলের সঙ্গে শকুনি এলাকার বাসায় থাকতেন। বুধবার (২৫ নভেম্বর) সাইফুলকে তালাক দিয়ে সন্তানদের নিয়ে চলে যান তিনি। পরদিন সন্ধ্যার পর ঘরের দরজা না খোলায় সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সাইফুলকে দেখতে পায়।
সাইফুলের বোন তাসলিমা আক্তার বলেন, ‘আমার ভাই ওর স্ত্রী বৃষ্টির জন্য আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার ওর স্ত্রী ওকে তালাক দিয়ে প্রথম স্বামীর কাছে চলে যায়। এই কষ্টে সাইফুল এই ঘটনা ঘটিয়েছেন। আমরা বৃষ্টির শাস্তির দাবি জানাই।’
মাদারীপুর সদর মডেল থানার এসআই মো. মালমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র: আজকের পত্রিকা


