মুলাদীতে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ৩০ লাখ টাকা ঋণের কথা জানাল পরিবার

বরিশালের মুলাদীতে আলমগীর রাড়ী (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, অনলাইন জুয়ায় আসক্ত আলমগীরের প্রায় ৩০ লাখ টাকা ঋণ ছিল।
বরিশালের মুলাদীতে আলমগীর রাড়ী (৪৫) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা স্কুলের হাট এলাকায় তাঁর শ্বশুর আবুল সরদারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আলমগীর মুলাদীর গাছুয়া ইউনিয়নের চরডুমুরীতলা গ্রামের পণ্ডিত বাড়ির বাসিন্দা। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। শ্বশুরের বাড়িতে ঘর তুলে স্ত্রীকে নিয়ে থাকতেন। পরিবারের দাবি, অনলাইন জুয়ায় আসক্তির কারণে তাঁর প্রায় ৩০ লাখ টাকা দেনা হয়েছিল।
পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান আলমগীর। বৃহস্পতিবার ভোরে স্ত্রী বিউটি বেগম তাঁকে ডাকতে গিয়ে বারান্দার চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন এবং থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিউটি বেগম বলেন, তাঁর স্বামী রাতে জেগে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলতেন। এ নিয়ে তাঁদের মধ্যে মাঝেমধ্যে কথা-কাটাকাটি হতো। বিভিন্ন ব্যক্তি ও এনজিওর কাছে আলমগীরের প্রায় ৩০ লাখ টাকা ঋণ ছিল এবং ঋণের চাপে তিনি প্রায়ই বিমর্ষ থাকতেন। বুধবার রাতে আলমগীর সামনের বারান্দায় এবং তিনি পেছনের বারান্দায় ঘুমিয়েছিলেন বলে জানান বিউটি।
আলমগীরের বোন চম্পা বেগম বলেন, বুধবার বিকেলে ভাইয়ের সঙ্গে তাঁর শেষ কথা হয়। তখন আলমগীর হতাশা প্রকাশ করছিলেন। রাতে কয়েকবার ফোন করেও তাঁর নম্বর বন্ধ পান চম্পা; সকালে ভাইয়ের মৃত্যুর খবর পান।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা




