কালশী রোডে চলন্ত বাসে আগুন, হতাহত নেই

পল্লবীর কালশী রোডে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বিহঙ্গ পরিবহনের একটি খালি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
রাজধানীর পল্লবীর কালশী রোডে বৃহস্পতিবার মধ্যরাতে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল তালুকদার জানান, রাত পৌনে ১২টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। এর আগে যাত্রীদের নামিয়ে চালক খালি বাসটি নিয়ে পার্কিংয়ের দিকে যাচ্ছিলেন।
আগুন লাগার পর চালক দ্রুত বাস থেকে নেমে নিরাপদে সরে যান। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভান।
ওসি জালাল তালুকদার বলেন, সিসিটিভি ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র: প্রথম আলো




