পর্তুগালের ভিসার জন্য ভারতে গিয়ে ৯ লাখ ৭০ হাজার টাকা খোয়ানোর দাবি, আটক ৬

দালাল চক্র পাসপোর্ট আটকে ৯ লাখ ৭০ হাজার টাকা নিয়েছে বলে দাবি নরসিংদীর পাঁচ যুবকের। ফেনীর পরশুরাম সীমান্তে তাঁদের বহনকারী অটোরিকশার চালকসহ ছয়জনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল।
পর্তুগালের ভিসা সংগ্রহের উদ্দেশ্যে ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন নরসিংদীর পাঁচ যুবক। তাঁদের দাবি, পাসপোর্ট আটকে রেখে তাঁদের কাছ থেকে ৯ লাখ ৭০ হাজার টাকা নেওয়া হয়েছে। পরে জোর করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয় তাঁদের।
বৃহস্পতিবার সকালে ফেনীর পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকায় ওই পাঁচ যুবককে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জনকে আটক করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁদের পরশুরাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক যুবকেরা হলেন রায়পুরা উপজেলার কাশিমনগর এলাকার সাজিদুল ইসলাম (২৮), মোহাম্মদ মোকসিদুল ইসলাম (২৬) ও কামাল উদ্দিন (২৬), দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন (২৭) এবং আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা (২৮)। অটোরিকশাচালক বেলাল হোসেনের (৩৬) বাড়ি পরশুরাম পৌরসভার খন্দকিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাঁচ যুবক মির্জানগর ইউনিয়নের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে সুবর বাজার সড়ক ধরে পরশুরামের দিকে যাচ্ছিলেন। ছাত্রদলের নেতা-কর্মীরা অটোরিকশাটি থামাতে বললে চালক দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে উত্তর বাজার এলাকায় তাঁদের আটক করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন ও সদস্যসচিব কামরুল হাসানের নেতৃত্বে তাঁদের আটক করা হয়। আতাহার হোসেন বলেন, সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারির পর বিজিবি-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা পাহারা দিচ্ছেন।
আটক যুবকদের দাবি, ১৪ নভেম্বর তাঁরা আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে যান। সেখানে দালাল চক্র তাঁদের পাসপোর্ট রেখে টাকা নেয়। পরে ভারতের জয়ন্তীনগর, বীরচন্দ্রনগর ও মেলাঘর সীমান্ত এলাকার কোনো একটি স্থান দিয়ে তাঁদের জোর করে বাংলাদেশে পাঠানো হয়। এ ঘটনায় দালালদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন তাঁরা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এসব তথ্য দিয়েছেন; সেগুলো যাচাই করা হচ্ছে। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, তাঁরা বৈধভাবে ভারতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিচয় ও তথ্য যাচাইয়ে সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনুপ্রবেশের অভিযোগও যাচাই করা হচ্ছে।
ওসি বলেন, আটক ব্যক্তিদের একজন বাদী হয়ে মানব পাচার চক্র ও দালালদের বিরুদ্ধে মামলা করবেন, অন্যরা সাক্ষী থাকবেন। শুক্রবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে। সেখানে জবানবন্দি দেওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত আরও খবর

টিকটকে পরিচয়ের পর ১৫ নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

দেবিদ্বারে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি ৯ দিনেও গ্রেপ্তার হয়নি



