চমেক হাসপাতালে ছদ্মবেশী অভিযানে আটক ৩০

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজন সেজে অভিযান চালিয়ে অন্তত ৩০ জনকে আটক করেছে এসআরবি। দালালদের কার্যক্রমের তথ্যপ্রমাণ সংগ্রহের পর এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালদের তৎপরতা ঠেকাতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান চালিয়ে অন্তত ৩০ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে।
আটক ব্যক্তিদের পরিচয় জানাতে পারেনি এসআরবি। তাঁদের হাসপাতালের ভেতরের পুলিশ ফাঁড়িতে রেখে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানা গেছে।
এসআরবির সদস্যরা সাদা পোশাকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে অবস্থান নেন। চিকিৎসকের প্রেসক্রিপশন পরীক্ষা, বেড ও চিকিৎসকের সিরিয়াল পাইয়ে দেওয়া এবং নানা সুবিধার কথা বলে রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের আটক করা হয়।
এসআরবি-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, অভিযানের আগে কয়েক দিন ধরে সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন অংশে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ভিডিওসহ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহের পর অভিযান চালানো হয়।
মোস্তাফিজুর রহমান বলেন, চমেক হাসপাতালে দালাল চক্রের সদস্যরা আলাদা আলাদা কাজ করেন। কেউ বেড, ওষুধ বা চিকিৎসকের সিরিয়াল পাইয়ে দেওয়ার কথা বলেন, আবার কেউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার নামে টাকা নেওয়ার চেষ্টা করেন।
হাসপাতালে নিরাপত্তারক্ষী ও আনসার সদস্য থাকার পরও দালালদের সক্রিয়তা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনের তুলনায় নিরাপত্তারক্ষীর সংখ্যা কম। তাঁদের সংখ্যা বাড়ানো গেলে এ ধরনের অনিয়ম কমবে।
সূত্র: আজকের পত্রিকা




