ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার, ফুলপুরে যুবলীগ কর্মী আটক

ময়মনসিংহ নগরে বইঠা তৈরির সময় মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করে ২২টি বইঠা জব্দের কথা জানিয়েছে পুলিশ। ফুলপুরে যুবদলকর্মীরা সেলিম মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালিয়ে মোজাম্মেল হোসেন নামে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে গ্রেপ্তারের সময় তিনি বইঠা তৈরি করছিলেন বলে পুলিশের দাবি।
জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালায়। এ সময় ২২টি বইঠা জব্দ করা হয়েছে। মোজাম্মেল শম্ভুগঞ্জ মোড় এলাকার বাসিন্দা এবং স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, নগরে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অংশ হিসেবে বইঠা তৈরি করা হচ্ছিল। মোজাম্মেলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড থেকে সেলিম মিয়া নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন যুবদলের স্থানীয় নেতা-কর্মীরা। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহিদুজ্জামান মিঠুনের নেতৃত্বে তাঁকে আটক করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, যুবদলের নেতা-কর্মীরা সেলিমকে থানায় সোপর্দ করেছেন। নাশকতার উদ্দেশ্যে তিনি ঢাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে। শুক্রবার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত আরও খবর

বরিশালে জিয়াউল আহসানের পৈতৃক বাড়ির সামনে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি

রংপুরে সেনাসদস্যের ভাড়া বাসা থেকে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার


