বরিশালে জিয়াউল আহসানের পৈতৃক বাড়ির সামনে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি

বরিশালে তহুরা মঞ্জিলের সামনে ব্যানার টাঙিয়ে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা ও গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা। তাঁরা গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
বরিশাল নগরের বৈদ্যপাড়া এলাকার কলেজ রোডসংলগ্ন নাসির উদ্দিন সড়কে জিয়াউল আহসানের পৈতৃক বাড়ি ‘তহুরা মঞ্জিল’-এর সামনে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা ও গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা। বৃহস্পতিবার দুপুরে বাড়ির ফটক ও সীমানাপ্রাচীরে ব্যানার টাঙিয়ে তাঁরা গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, ন্যায়বিচার এবং জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বাড়িটির মূল ফটকের দুই পাশে টাঙানো ব্যানারে জিয়াউল আহসানকে ‘খুনি’ ও ‘সিরিয়াল কিলার’ উল্লেখ করা হয়। সীমানাপ্রাচীরের আরেকটি ব্যানারে ২০১২ সালে বরিশালের ছাত্রদল নেতা দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানকে গুমের কথা তুলে ধরে তাঁদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
বিক্ষোভে দুই ভাইয়ের মা ফিরোজা বেগমও অংশ নেন। সন্তানদের খোঁজ ও ন্যায়বিচার দাবি করে তিনি বলেন, ‘আমার দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে আজও কোনো খোঁজ পাইনি। ওদের কী অপরাধ ছিল? কেন ওদের এভাবে গুম করা হলো?’
বিক্ষুব্ধদের পক্ষে মো. নাঈম জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি এবং জনসম্মুখে ফাঁসি কার্যকরের দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, র্যাবে কর্মরত থাকার সময় জিয়াউল আহসান বহু মানুষকে গুম করেছেন এবং গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ আটকে রেখে নির্যাতন ও হত্যা করেছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলছিল। দুই পক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের পর্যায়ে যাবে।
এর আগে গত ১৯ নভেম্বর বিকেলে একদল বিক্ষুব্ধ ব্যক্তি তহুরা মঞ্জিলে ভাঙচুর করেন এবং নিচতলার একটি কক্ষে আগুন দেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাড়িতে বসবাসরত জিয়াউল আহসানের ভাইয়েরা আত্মগোপনে রয়েছেন।
সূত্র: আজকের পত্রিকা
সম্পর্কিত আরও খবর

রংপুরে সেনাসদস্যের ভাড়া বাসা থেকে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

হাজীগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, পাঁচজনের বিরুদ্ধে পরোয়ানা


