গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, পীরগঞ্জে যুবক গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে গোপনে এক গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে সৈকত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
রংপুরের পীরগঞ্জে এক গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে মুঠোফোনে ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে সৈকত আলী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারীর সঙ্গে সৈকতের পারিবারিক সম্পর্ক রয়েছে। প্রায় পাঁচ মাস আগে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ হয়। অভিযোগ, মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ ওয়াশরুমে গোসল করার সময় টিনের বেড়ার ফাঁক দিয়ে তাঁর দৃশ্য মুঠোফোনে ধারণ করেন সৈকত।
এজাহারে বলা হয়েছে, ওই দিন সন্ধ্যা ৭টার দিকে গৃহবধূর বাড়ির সামনে গিয়ে সৈকত তাঁকে ভিডিওটি দেখান এবং মুছে ফেলার বিনিময়ে টাকা চান। টাকা না দিলে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।
ভুক্তভোগী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পীরগঞ্জ থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে সৈকতকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
ভেন্ডাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সূত্র: আজকের পত্রিকা





