শিক্ষক নিয়োগের রিটে অনিয়ম: ব্যাখ্যা দিতে সাবেক বিচারপতি নাইমা হায়দারকে নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগসংক্রান্ত ১৯টি রিটের মধ্যে ৯টিতে গুরুতর অসংগতি পেয়েছে আপিল বিভাগ। সাবেক বিচারপতি নাইমা হায়দারকে ৩১ জানুয়ারির মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের রিট শুনানি ও নিষ্পত্তির প্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নাইমা হায়দারকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৩১ জানুয়ারির মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ব্যাখ্যা জমা দিতে হবে তাঁকে।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে রিটগুলোর শুনানি পরিচালনাকারী দুই আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া ও মো. কামাল হোসেনকে আপাতত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত রাখা হয়েছে। তাঁদের বিষয়ে তদন্ত করে ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বাংলাদেশ বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের আদেশে বলা হয়, তদন্তের জন্য ১৯টি রিটের নথি পরীক্ষা করে ৯টিতে গুরুতর অসংগতি ও অনিয়ম পাওয়া গেছে। এসব রিটের শুনানিতে আইনজীবী ছিলেন সিদ্দিক উল্লাহ মিয়া ও কামাল হোসেন। বিষয়টি খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের নেতৃত্বে গঠিত কমিটি আপিল বিভাগে প্রতিবেদন জমা দিয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ৬০ শতাংশ নারী কোটা যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগে চাকরিপ্রত্যাশীরা ২০২০ সালে রিট করেন। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ২০২৩ সালের ৯ আগস্ট এক রায়ে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলে যোগ্য বিবেচিত আবেদনকারীদের নিয়োগ দিতে বলেছিলেন। ওই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করে; শিক্ষক নিয়োগ নিয়ে করা অন্য রিটগুলোর ক্ষেত্রেও পৃথক লিভ টু আপিল করা হয়।
আপিল বিভাগের আদেশে ২০২৩ সালের রিট নম্বর ১৫৯১৫-এর প্রসঙ্গও এসেছে। ওই মামলার শুনানি ২০২৪ সালের ২৮ এপ্রিল শেষ হওয়ার পর ৩০ এপ্রিল আরও ৫৭৪ জনকে সহ-রিট আবেদনকারী হিসেবে যুক্ত করার অনুমতি দেওয়া হয়। তবে তাঁদের নাম মামলার শিরোনামে অন্তর্ভুক্ত না করেই ৬ মে রায় ঘোষণা করা হয়েছিল বলে নথিতে দেখা গেছে।
আদেশে সংশ্লিষ্ট বেঞ্চের শুনানি ও রুল নিষ্পত্তির পদ্ধতিকে দুঃখজনক ও অনভিপ্রেত বলা হয়েছে। নাইমা হায়দার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রাথমিক তদন্ত চলার সময় ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে গত ৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। পরবর্তী আদেশের জন্য মামলাটি ৪ ফেব্রুয়ারি কার্যতালিকায় রাখার কথা জানিয়েছে আপিল বিভাগ।
সূত্র: প্রথম আলো



