ডেমরায় মাইক্রোবাসচালক হত্যা: তিনজনের যাবজ্জীবন

হারুনুর রশিদ হাওলাদারকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের চেষ্টার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের সাত বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রাজধানীর ডেমরায় মাইক্রোবাসচালক হারুনুর রশিদ হাওলাদারকে অপহরণের পর হত্যা এবং লাশ গুমের চেষ্টার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। লাশ গুমের চেষ্টার দায়ে প্রত্যেকের আরও সাত বছরের কারাদণ্ড হয়েছে।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬-এর বিচারক নাজমুন নাহার নিপু বৃহস্পতিবার এ রায় দেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
দণ্ডিত ব্যক্তিরা হলেন লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার। রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার শফি নেওয়াজ নাছির জানান, লিপি ও মাহবুব আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানাসহ তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। পলাতক রাজনের বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, জুরাইনে স্ত্রী-সন্তানদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন হারুনুর রশিদ। ২০২০ সালের ২৩ নভেম্বর রাতে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। পরদিন নিজের ফোন থেকে ভায়রা কলিম শিকদারকে ফোন করে বিপদের কথা জানিয়ে বিকাশে টাকা পাঠাতে বলেন। কলিম প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১৫ হাজার টাকা পাঠান। এরপর হারুনুর রশিদের ফোন বন্ধ পাওয়া যায়।
২০২০ সালের ২৫ নভেম্বর রাতে ডেমরার বামৈল বাঁশেরপুল এলাকায় একটি স্কুলের পাশে ডিএনডি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ছিল খয়েরি রঙের ট্রলি ব্যাগে।
এ ঘটনায় নিহতের স্ত্রী লিলি বেগম ২০২০ সালের ২৬ নভেম্বর ডেমরা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৩১ মে পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০২৩ সালের ২৭ আগস্ট তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
সূত্র: আজকের পত্রিকা




