সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: দেলোয়ার তিন দিনের রিমান্ডে

ঢাকার সিএমএম আদালতের হাজতখানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দেলোয়ার হোসেনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বিস্ফোরণে এক আইনজীবী আহত হন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দেলোয়ার হোসেনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোষিতা ইসলাম এ আদেশ দেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবদুর রহমান দেলোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার বেলা ১১টা ১৮ মিনিটের দিকে আদালতের হাজতখানার সামনের সড়কে বিস্ফোরণ ঘটে। এতে অ্যাডভোকেট হৃদয় মিয়া আহত হন। সহকর্মীরা তাঁকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বিস্ফোরণের পর আদালত ভবনের ৯ নম্বর কোর্টের সামনে থেকে উপস্থিত লোকজন দেলোয়ারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের বারুদের নমুনা, জর্দার কৌটার অংশ, লাল স্কচটেপ, পেরেক ও কাচের টুকরাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পুলিশের উপপরিদর্শক কে এম আবদুল হক বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে কোতোয়ালি থানায় মামলা করেছেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা মামলার রহস্য উদ্ঘাটন, বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহকারী ও পলাতক আসামিদের শনাক্ত এবং অর্থ জোগানদাতা ও নির্দেশদাতাদের পরিচয় জানার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, একজনকে আটক করা হয়েছে এবং বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
সূত্র: আজকের পত্রিকা




